সহমর্মিতার হাত বাড়িয়ে: রোহিঙ্গাদের জন্য আশ ফাউন্ডেশনের রমজান উপহার

সব গল্প
প্রকাশিত
১৭ মার্চ, ২০২৬
লেখক
ASHF Field Team

পবিত্র রমজান সংযম, সহমর্মিতা ও মানবিকতার এক অনন্য মাস। এই পবিত্র সময়েই পৃথিবীর নানা প্রান্তে মানুষ একে অপরের পাশে দাঁড়ানোর মাধ্যমে তুলে ধরে মানবতার প্রকৃত সৌন্দর্য। তেমনি এক মানবিক উদ্যোগের গল্প গড়ে উঠেছে উখিয়ার বালুখালী ১০ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে, যেখানে আলহাজ্ব শামসুল হক ফাউন্ডেশন (আশ ফাউন্ডেশন) নিয়ে গেছে রমজানের উপহার, সঙ্গে একটুকরো স্বস্তি ও আশার আলো।

গত ১৬ মার্চ (সোমবার)। সকালটা ছিল অন্য দিনের মতোই, কিন্তু অনেক পরিবারের জন্য এই দিনটি হয়ে ওঠে বিশেষ। জীবনের নানাবিধ কষ্ট আর অনিশ্চয়তার মাঝেও সেই দিন তারা পেয়েছে প্রয়োজনীয় খাদ্য সহায়তা যা তাদের রমজানের ইফতার ও সেহরিতে এনে দিয়েছে স্বস্তি।

ফাউন্ডেশনের উদ্যোগে বালুখালী ক্যাম্পে বসবাসরত ৪০০টি অসহায় পরিবারের মাঝে বিতরণ করা হয় রমজান ফুড প্যাকেট। প্রতিটি প্যাকেটে ছিল চাল, ডাল, তেলসহ নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী—যা একটি পরিবারের কয়েকদিনের খাদ্য চাহিদা পূরণে সহায়ক। ছোট ছোট এই সহায়তাই তাদের জন্য হয়ে উঠেছে বড় এক প্রাপ্তি।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদনক্রমে এবং ক্যাম্প ১০-এর সিআইসি মোহাম্মদ আরাফাতুল ইসলাম মহোদয়ের উপস্থিতি ও সার্বিক সহযোগিতায় এই কার্যক্রমটি সম্পন্ন হয় । তালিকাভুক্ত প্রতিটি পরিবারের হাতে হাতে পৌঁছে দেওয়া হয় এই উপহার, যা পুরো কার্যক্রমকে সুশৃঙ্খল ও স্বচ্ছ করে তোলে।

ফাউন্ডেশনের পক্ষ থেকে জানানো হয়, এই উদ্যোগ শুধুমাত্র খাদ্য সহায়তা প্রদান নয় বরং এটি একটি মানবিক দায়িত্ববোধের বহিঃপ্রকাশ। রমজানের প্রকৃত শিক্ষা সহমর্মিতা ও ভাগাভাগির চেতনাকে ধারণ করেই তারা প্রতিবছর অসহায় ও বাস্তুচ্যুত মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করে।

আলহাজ্ব শামসুল হক ফাউন্ডেশন দীর্ঘদিন ধরেই দেশের বিভিন্ন অঞ্চলে দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের জন্য খাদ্য সহায়তা, শিক্ষা সহায়তা এবং নানা মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে। তাদের এই নিরবচ্ছিন্ন প্রচেষ্টা অসংখ্য মানুষের জীবনে নিয়ে আসছে স্বস্তি ও আশার বার্তা।

উল্লেখ্য, এর আগে গত ১১ মার্চ (বুধবার) ফাউন্ডেশনের উদ্যোগে চট্টগ্রাম, ঢাকা ও সিলেটসহ দেশের বিভিন্ন বিভাগে প্রায় ১০ হাজার অসহায় ও সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে খাদ্য সহায়তা বিতরণ করা হয়। যা তাদের বৃহৎ পরিসরের মানবিক উদ্যোগেরই আরেকটি অনন্য দৃষ্টান্ত।

রমজান কেবল ইবাদতের মাস নয় এটি মানবিকতারও মাস। আর সেই মানবিকতার আলো ছড়িয়ে দিতে আশ ফাউন্ডেশনের এই উদ্যোগ নিঃসন্দেহে এক অনুপ্রেরণার গল্প।

সম্পর্কিত গল্প

সহমর্মিতার হাত বাড়িয়ে: রোহিঙ্গাদের জন্য আশ ফাউন্ডেশনের রমজান উপহার