চট্টগ্রাম কারাগারে ইন্টারকম: কথা হবে আরও স্পষ্ট

সব গল্প
প্রকাশিত
৭ মার্চ, ২০২৬
লেখক
ASHF Field Team

অস্রুসিক্ত নয়ন, লোহার জালের একপাশে বাবা অপর পাশে তার আদরের রাজকন্যা। অপরাধের কারণে কারাগারে বন্দী বাবা। পরিবারসহ বাবাকে দেখতে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে এসেছে ছোট্ট ইরা। অনেক দিনের জমানো কথা বলতে গিয়েও বলতে পারেনি ইরা। কারাগারের সাক্ষাৎ কক্ষে স্বজনরা তাদের বন্দীদের সাথে দেখা করতে এলে সবার শোরগোলের কারণে ইরা তার বাবার সাথে ঠিকভাবে কথা বলতে পারেনি। এই কারণে তার মন অনেক খারাপ, অভিমান করে বসে আছে। এই দৃশ্যটি চোখে পরে আলহাজ্ব শামসুল হক ফাউন্ডেশনের চেয়ারম্যান মুহাম্মদ নাছির উদ্দিনের।

২০২৫ সালে বেসরকারি কারা পরিদর্শক হিসেবে নিয়োগপ্রাপ্ত হন মুহাম্মদ নাছির উদ্দিন। কেন্দ্রীয় কারাগারে সরেজমিনে পরিদর্শন করে তিনি এই সমস্যাটি উপলব্ধি করেন। এরই ধারাবাহিকতায় তিনি আলহাজ্ব শামসুল হক ফাউন্ডেশনের সহযোগিতায় কারাগারের সাক্ষাৎ রুমে ইন্টারকম টেলিফোন ব্যবস্থা প্রতিষ্ঠার লক্ষ্যে সিনিয়র জেল সুপার এবং জেলা প্রশাসকের নিকট প্রস্তাব করেন। পরবর্তীতে এই প্রস্তাব অনুমোদন পেলে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের সাক্ষাৎ রুমের নিচ তলায় উভয়পাশে ১৬টি করে মোট ৩২টি ইন্টারকম টেলিফোন স্থাপন করা হয়। এর মধ্যে ১২টি পুরুষ বন্দীর জন্য এবং বাকি ৪টি মহিলা বন্দীর জন্য বরাদ্দ রাখা হয়। সরকারি অনুদান পেলে পরবর্তীতে এই সেবা ২য় ও ৩য় তলায় সম্প্রসারন করা হবে।

কারাগারের বন্দী ও স্বজনদের দীর্ঘদিনের কষ্ট লাঘবের জন্য ৫ই মার্চ (বৃহস্পতিবার) দুপুর ১২টায় ওয়ান টু ওয়ান ইন্টারকম টেলিফোন ব্যবস্থা উদ্বোধন করেন চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। এই সেবা বাস্তবায়নের জন্য আর্থিক সহায়তা প্রদান করে আলহাজ্ব শামসুল হক ফাউন্ডেশন (আশ ফাউন্ডেশন)। উদ্বোধন অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার মো. ইকবাল হোসেন এবং আশ ফাউন্ডেশনের চেয়ারম্যান মুহাম্মদ নাছির উদ্দিন।

এখন থেকে ইরার মতো হাজারও সন্তান মন খুলে তার বাবার সাথে কথা বলতে পারবে, মা তার সন্তানের এবং স্ত্রী তার স্বামীর সঙ্গে স্বস্তিতে ও কথা বলার সুযোগ পাবে—দূরত্ব থাকবে শুধু দেয়ালে, সম্পর্কের মধ্যে নয়।

সম্পর্কিত গল্প

চট্টগ্রাম কারাগারে ইন্টারকম: কথা হবে আরও স্পষ্ট