
আশ ফাউন্ডেশন এর ইফতার সামগ্রী বিতরণ কর্মসূচি
- প্রকাশিত
- ১ মার্চ, ২০২৬
- লেখক
- ASHF Field Team
পবিত্র মাহে রমজান উপলক্ষে আলহাজ্ব শামসুল হক ফাউন্ডেশন (আশ ফাউন্ডেশন) এর উদ্যোগে গত ২৫ ফেব্রুয়ারি (বুধবার) একটি ইফতার সামগ্রী বিতরণ কর্মসূচি সফলভাবে বাস্তবায়িত হয়। মানবিক এই আয়োজনের মাধ্যমে ১২৫ জন খতিব, ইমাম, মুয়াজ্জিন, এতিম ও প্রতিবন্ধী ব্যক্তির মাঝে ইফতারের প্রয়োজনীয় সামগ্রী বিতরণ করা হয়।
প্রতিটি উপকারভোগীকে ২৮ কেজি করে ইফতার সামগ্রী প্রদান করা হয়। বিতরণকৃত প্যাকেজে ছিল চাল, চনা, চিড়া, তেলসহ ইফতারের জন্য প্রয়োজনীয় বিভিন্ন খাদ্যপণ্য। রমজানের সময় যাতে তারা স্বাচ্ছন্দ্যে ইফতার ও সেহরি করতে পারেন, সে লক্ষ্যেই এই উদ্যোগ গ্রহণ করা হয়।
কর্মসূচিটি অনুষ্ঠিত হয় আল হুমাইরা মহিলা মাদ্রাসা কমপ্লেক্স প্রাঙ্গনে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের প্রেসিডেন্ট প্রকৌশলী মুহাম্মদ নাসির উদ্দিন। এছাড়াও ফাউন্ডেশনের অন্যান্য সদস্যরা উপস্থিত থেকে সুষ্ঠুভাবে পুরো কার্যক্রম পরিচালনা করেন এবং উপকারভোগীদের হাতে ইফতার সামগ্রী তুলে দেন।
এই মানবিক উদ্যোগ বাস্তবায়নে আর্থিক সহায়তা প্রদান করে যুক্তরাজ্য ভিত্তিক সংস্থা ‘ইউ এম আর’ এবং ‘সেন্ড এ লিটল হোপ’। তাদের সহযোগিতায় কর্মসূচিটি আরও ব্যাপক ও ফলপ্রসূভাবে সম্পন্ন করা সম্ভব হয়েছে।
আলহাজ্ব শামসুল হক ফাউন্ডেশন ভবিষ্যতেও সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে থেকে এ ধরনের কল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখবে বলে প্রত্যাশা ব্যক্ত করেছে।


